Monday, February 28, 2011

লঙ্কানদের ব্যাকফুটে ফেলে আফ্রিদির ৩০০ উইকেট অর্জন










জয়ের জন্য ২৭৮ রানের টার্গেট তাড়া করতে নেমে মাত্র ৯৬ রানেই ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে শ্রীলঙ্কা। লেগ স্পিনার শহীদ আফ্রিদি ইনিংসের ১৮, ২২ ও ৩৮তম ওভারে দিলশান, সামারাবিরা ও সাঙ্গাকারাকে আউট করে লঙ্কানদের ব্যাকফুটে ঠেলে দেন। সেই সাথে তিনি ওয়ানডে ক্রিকেটে অর্জন করলেন ব্যক্তিগত ৩শ উইকেট। এর আগে ভালোই সূচনা করেছিলো স্বাগতিক শ্রীলঙ্কা। দুই ওপেনার তিলকারত্নে দিলশান ও উপুল থারাঙ্গা প্রথম থেকে দেখে-শুনে ব্যাট করেন। কিন্তু সেখানে বাধ সাধলেন মোহাম্মদ হাফিজ ও অধিনায় আফ্রিদি। লঙ্কান ইনিংসে প্রথম আঘাত হানেন স্পিনার মোহাম্মদ হাফিজ। তিনি দলের ৭৬ রানের মাথায় থারাঙ্গাকে ৩৩ রানে ফিরিয়ে দেন। এরপর পরবর্তী আঘাত হানেন পাক দলনেতা আফ্রিদি। দলীয় ৮৮ রানের মাথায় তিনি তিলকারত্নে দিলশানকে ৪১ রানে বোল্ড করে প্যাভিলিয়নে ফেরান। পরে শোয়েব আখতার জয়াবর্ধনেকে ২ রানে, আর আফ্রিদি সামারাবিরাকে ১ রানে আউট করে দিলে বিপদে পড়ে লঙ্কানরা। তবে, সে বিপদ থেকে দলকে সামলিয়ে ভালোই খেলছিলেন সাঙ্গাকারা। কিন্তু এক অধিনায়কের সফলতাকে মানতে রাজি নয় অন্য অধিনায়ক আফ্রিদি। তাই তাকে ৪৯ রানে আউট করে নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ করেন তিনি। ওয়ানডে ক্রিকেটে তার ৩শ তম শিকার সাঙ্গাকারা। এ রিপোর্ট লেখা পর্যন্ত শ্রীলঙ্কার সংগ্রহ ৩৮.৩ ওভার শেষে ৪ উইকেটে ১৭১ রান। চামারা সিলভা ২৩ ও ম্যাথিউজ ১ রান নিয়ে বিপর্যয় সামাল দেয়ার চেষ্টা করে যাচ্ছেন।
প্রথমে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে পাকবাহিনী ৭ উইকেটে করে ২৭৭ রান। ১০৫ রানে ৩ উইকেটের পতনের পর পাকিস্তানের ইনিংস মেরামত করার দায়িত্ব নেন মিডল অর্ডারের দুই ব্যাটিং স্তম্ভ ইউনুস খান ও মিসবাহ-উল-হক। এ জুটি ১০৮ রান যোগ করেন। ইউনুস ৭২ রান করে আউট হলেও সহ-অধিনায়ক মিসবাহ ৯১ বলে ইনিংস সর্বোচ্চ ৮৩ রান করে অপরাজিত থাকেন।
ইনিংসের শুরুতেই দলীয় ২৮ রানে ওপেনার আহমেদ শেহজাদকে সাজঘরে ফেরান থিসারা পেরেরা। এরপর মোহাম্মদ হাফিজ ও উইকেটরক্ষক কামরান আকমল ভালোই সামাল দেন লঙ্কান বোলারদের। মাত্র ১৩ ওভারেই দলীয় স্কোরবোর্ডে জমা করেন ৭৬ রান। কিন্তু মুরালিধরনের প্রথম বলেই ভুল বোঝাবুঝিতে ব্যক্তিগত ৩২ রানে রান আউট হন হাফিজ। দলীয় ১০৫ রানের মাথায় ৩৯ রান করে আকমলও ফেরত যান। শ্রীলঙ্কার পক্ষে রঙ্গনা হেরাথ ৪৬ রানে ও থিসাারা পেরেরা ৬২ রানে ২টি করে উইকেট লাভ করেন।
কলম্বোয় প্রেমাদাসা স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকেল ৩টায় ম্যাচটি শুরু হয়। এর আগে টস জিতে প্রথম ব্যাটিং করার সিদ্ধান্ত নেন পাকিস্তান অধিনায়ক শহীদ আফ্রিদি। বিশ্বকাপে এ দুই দল ৭ম বারের মতো মুখোমুখি হলো। এর আগে ৬ বারের মুখোমুখিতে সবগুলো ম্যাচে জয় পায় পাকিস্তান।

No comments:

Post a Comment